বাস ভাড়া কমানোর দাবিতে শাহবাগে বিক্ষোভ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাস ভাড়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে বামপন্থী সংগঠনগুলো।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাস ভাড়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে বামপন্থী সংগঠনগুলো। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা। শাহবাগ মোড়ে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভ থেকে জ্বালানির দাম কমানো ও বাস ভাড়া কমানোর দাবি জানান সংগঠনের নেতারা। একই সঙ্গে লাগাতার কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন (গণসংহতি), ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী), গণতান্ত্রিক ছাত্র পরিষদ ও পাহাড়ি ছাত্র পরিষদসহ আটটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে মিছিল করে শাহবাগের দিকে। তাদের অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলা মোটর ও টিএসসি পর্যন্ত প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের অনুরোধে অবস্থান কর্মসূচি শেষে তা সচল করা হয়।
শাহবাগে অবস্থানকালে ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, তেলের দাম বাড়ার প্রভাব দেশের সবকিছুতে পড়ছে। ভাড়া বাড়ানোর ষড়যন্ত্র সারাদেশে মানুষকে কষ্ট দিচ্ছে। এই জ্বালানি তেল ও বাস ভাড়া বৃদ্ধির ষড়যন্ত্রের বিরুদ্ধে কৃষক, শ্রমিক, ছাত্র ও জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায় বলেন, জনগণের ওপর লাঠি ঘুরিয়ে সরকার টিকে আছে। জ্বালানি তেলসহ সব কিছুর দাম বাড়িয়ে জনগণের আস্থা বেড়েছে। এর সঙ্গে বেড়েছে বাসের ভাড়া। এভাবে আর চলতে পারে না। আমাদের অবস্থান জ্বালানির দাম ও বাস ভাড়া কমানোর দাবিতে।
এছাড়াও বক্তব্য রাখেন গণতান্ত্রিক ছাত্র পরিষদের সভাপতি আরিফ মঈনুদ্দিন, পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি শুভাশীষ চাকমা, ছাত্র ফেডারেশনের (গণসংহতি) সভাপতি মিতু সরকার, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবির প্রমুখ।

