কাদশে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২১ PM, ২০ সেপ্টেম্বর ২০২৬

এডুকেশনটুডে রিপোর্ট

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশের পর আজ রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে কলেজে ভর্তি কার্যক্রম। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় প্রকাশিত চূড়ান্ত ফলে শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানানো হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা আজ থেকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে পারবেন।

শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করে চূড়ান্ত ফল দেখতে পারবেন। পাশাপাশি নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, শনিবার রাতে চূড়ান্ত ফল প্রকাশের পর রোববার থেকে মনোনীত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

যেসব কাগজপত্র লাগবে:
এবার একাদশ শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীদের সঙ্গে কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। সেগুলো হলো—এসএসসি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি, অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর।

কোন কলেজে ভর্তি ফি কত:
শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, এবার একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ফি এক হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ফি আট হাজার ৫০০ টাকা। এমপিও, নন-এমপিও, বাংলামাধ্যম ও ইংরেজি ভার্সন এবং বিভাগীয় শহর ও মফস্বল এলাকাভেদে এ ফি কম-বেশি নির্ধারিত হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ফি পাঁচ হাজার টাকা। ঢাকা বাদে অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরের প্রতিষ্ঠানে একাদশে ভর্তি ফি সর্বোচ্চ তিন হাজার টাকা। জেলা পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এর পরিমাণ সর্বোচ্চ দুই হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে তা সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা।

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ফি সাত হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ আট হাজার ৫০০ টাকা। জেলা সদর এলাকায় বাংলা ভার্সনে তা তিন হাজার এবং ইংরেজি ভার্সনে চার হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকার কলেজে বাংলা ভার্সনে এর পরিমাণ দুই হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা।

ভর্তিতে ৭ শতাংশ কোটা:
ভর্তি নীতিমালা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানের মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হবে। বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এ কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

গত ১৬ সেপ্টেম্বর একাদশে ভর্তির ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার মোট নয় লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন। তাদের মধ্যে প্রথম ধাপে মোট নয় লাখ ৮০ হাজার ৮১৫ শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছেন। তারাই কেবল এ ধাপে ভর্তির সুযোগ পাচ্ছেন।

আপনার মতামত লিখুন :