প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৬ AM, ০৭ সেপ্টেম্বর ২০২৬

এডুকেশনটুডে রিপোর্ট

নতুন করে প্রায় সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ ও তাদের পদায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, নতুন শিক্ষকদের পদায়ন শেষ হওয়ার পরেই কেবল বদলি কার্যক্রম পুনরায় চালু করা হবে। তবে তখন বর্তমান নীতিমালায় নাকি নতুন কোনো পদ্ধতিতে বদলি পরিচালিত হবে, সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে এবং এর জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। বদলি কার্যক্রম পুনরায় শুরু হলে সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হবে।

৮ সেপ্টেম্বর থেকে শিক্ষকদের বদলি বন্ধ হওয়ার কথা থাকলেও সরকারি কাগজপত্র চূড়ান্ত করতে কিছুটা সময় লাগার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, সংবাদ সম্মেলনের পরপরই বদলি বন্ধের আনুষ্ঠানিক আদেশ চূড়ান্ত করার চেষ্টা করা হবে।

শিক্ষকদের ন্যায্যতার ভিত্তিতে বদলি না হওয়ার অভিযোগ প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ‘ন্যায্য বদলি’ বিষয়টি নির্ধারণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বর্তমান নীতিমালায় বিষয়টি স্পষ্টভাবে সংজ্ঞায়িত বা অন্তর্ভুক্ত করা হয়নি।

এদিকে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে নতুন নীতিমালা তৈরির কাজও চলমান রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে এবং অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর মন্ত্রণালয় তা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান প্রতিমন্ত্রী।

আপনার মতামত লিখুন :