৪ কোটি শিক্ষার্থী নতুন বইয়ের ঘ্রাণ নেবে আজ

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০৭ AM, ০১ জানুয়ারী ২০২৪

এডুকেশনটুডে রিপোর্ট: এবারও নতুন বছরের প্রথম দিন উৎসব করে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ সোমবার (১ জানুয়ারি) বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হবে। এবার প্রায় ৪ কোটি শিক্ষার্থী শিক্ষার্থীর জন্য পৌনে ৩১ কোটি বিনামূল্যে নতুন ঝকঝকে পাঠ্যবই প্রস্তুত করা হয়েছে। গত বছরের মতো এবারও শতভাগ বই ছাড়াই উদ্‌যাপিত হবে এই উৎসব।

রেওয়াজ অনুযায়ী, রবিবার (৩১ ডিসেম্বর) প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। সোমবার নতুন বছরের প্রথম দিন সকালে কেন্দ্রীয়ভাবে রাজধানীর মিরপুরের ন্যাশনাল (সকাল-বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্তরের বই উৎসব পালন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রতিমন্ত্রী জাকির হোসেন।

অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়কে কেন্দ্রীয়ভাবে বই উৎসব পালনের অনুমোদন দেওয়া হয়নি। সে কারণে এবার মাধ্যমিক স্তরে কেন্দ্রীয়ভাবে বই উৎসব পালন করা হবে না। তবে জেলা ও উপজেলা প্রশাসন প্রতীকীভাবে বই উৎসব পালন করবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম বলেন, সব বই পাঠানো হয়েছে। অষ্টম-নবমের অধিকাংশ বই পাঠানো হয়েছে। কিছু বই বাকি আছে। সেগুলোও চলে যাবে।

এনসিটিবি জানায়, এবার প্রাক-প্রাথমিক থেকে এসএসসি ও সমমান পর্যন্ত তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেওয়া হবে। এর মধ্যে প্রাক-প্রথমিক ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮টি পাঠ্যবই। প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জনকে দেওয়া হবে ৮ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৬৯৭টি পাঠ্যবই।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ২ লাখ ৫ হাজার ৩১টি পাঠ্যবই। এছাড়া প্রাথমিক স্তরের ইবতেদায়ি প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ২ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৭৭৬টি পাঠ্যবই।

মাধ্যমিক স্তরের ষষ্ঠ, থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ১০৭ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ১৩ কোটি ২৩ লাখ ৬১ হাজার ৭৬৭টি পাঠ্যবই। দাখিল ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ৪ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৬৪২টি পাঠ্যবই।

ইংরেজি ভার্সনের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন শিক্ষার্থীকে দেওয়া হবে ১১ লাখ ৭২ হাজার ৫৭টি পাঠ্যবই। কারিগরি ট্রেডের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৫৩৪ জন শিক্ষার্থীকে ৩৪ লাখ ৯৪ হাজার ৭০২টি পাঠ্য বই। এসএসসি ভকেশনাল ৬ হাজার ১৫ জন শিক্ষার্থীকে ১ লাখ ৭৯ হাজার ২৯৫টি পাঠ্য বই। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দেওয়া হবে ৭২৮টি বই। এছাড়া শিক্ষকদের জন্য ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি শিক্ষক সহায়িকা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :