প্রথমদিনে শতভাগ বই পাবে না শিক্ষার্থীরা
এডুকেশনটুডে রিপোর্ট: এবারও শতভাগ বই ছাড়াই উদ্যাপিত হবে বই বিতরণ উৎসব। প্রাথমিকের সব বই প্রস্তুত হলেও মাধ্যমিকের দুই শ্রেণির বেশ কয়েকটি বই এখনো ছাপাখানায়। এনসিটিবি সূত্র জানায়, প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের ৮ কোটি ৭৪ লাখ ৪ হাজার ৬৯৭ কপি বই ছাপানো হয়েছে। প্রাক-প্রাথমিকের জন্য প্রায় ৬১ লাখ ৯৩ হাজার কপি বই রয়েছে।
মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ২১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ১৫২ কপি বই ছাপানোর পরিকল্পনা নেওয়া হয়। এর মধ্যে অষ্টম ও নবম শ্রেণির প্রায় ১০ কোটি ৪১ লাখ বই ছাপানোর কথা থাকলেও কাজ শেষ হয়নি। শেষ সময়ে মোট বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বই দিয়ে করা হবে উৎসব। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা ৩ কোটি ৮১ লাখের বেশি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার প্রাক-প্রাথমিক শ্রেণির ৩০ লাখ ৯৬ হাজার ৯৩৯ জন, প্রাথমিক স্তরের ১ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৫৯৪ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮৪ হাজার ৪৭৩ জন— সর্বমোট ২ কোটি ১২ লাখ ৫২ হাজার হয় জন শিক্ষার্থীর মাঝে ৯ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৬০৬টি বই বিতরণ করা হব।
জানা যায়, সরকার ২০১০ সাল থেকে এ পর্যন্ত সারা দেশে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ৪৬৪ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৮৮৩টি বই বিনামূল্যে বিতরণ করেছে। ২০১৭ সাল থেকে সরকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশুদের তাদের মাতৃভাষায় অধ্যয়নের জন্য চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদরি ভাষার বই বিতরণের পাশাপাশি অন্ধ শিক্ষার্থীদের মধ্যেও বই বিতরণ করছে।

