শাবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৯ AM, ১৩ ফেব্রুয়ারী ২০২২

এডুকেশনটুডে ডেস্ক: আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। শনিবার রাত পৌনে ৮টায় আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এর মধ্যদিয়ে দীর্ঘ একমাস পর আন্দোলন থেকে সরে এলেন শিক্ষার্থীরা।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালায় পুলিশ। ওই ঘটনায় ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদকে দায়ী করে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছিলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে এক বিবৃতিতে দুঃখ প্রকাশও করেছিলেন ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।

শনিবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে দুঃখ প্রকাশ করে ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এর আগে গত শুক্রবার ভিসির কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনার জন্য ভিসিকে দুঃখ প্রকাশ করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া প্রায় ২৬ দিন পর বৈঠক ঘিরে এদিন নিজ বাসভবন থেকে বের হন ভিসি ফরিদ উদ্দিন আহমেদ। একইদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

বৈঠকের পর সংবাদ সম্মেলন করে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে সুনির্দিষ্ট আটটি প্রস্তাবনা তুলে ধরেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন :