এইচএসসি-সমমানের পরীক্ষা শুরু

নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে বড় অংকের ঘাটতি

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৬ AM, ০২ জুলাই ২০২৬

এডুকেশনটুডে রিপোর্ট

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে এবার নিয়মিত শিক্ষার্থীদের একটি বড় অংশের পরীক্ষায় অংশ না নেওয়ার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।

নিয়মিত শিক্ষার্থীদের অনুপস্থিতি উদ্বেগজনক
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য বলছে, দুই বছর আগে (২০২৪-২৫ শিক্ষাবর্ষে) এসএসসি পাস করে একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিলেন প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। এর বিপরীতে এবার এইচএসসি পরীক্ষায় ফরম পূরণ করেছেন মাত্র সাড়ে ৯ লাখের কিছু বেশি শিক্ষার্থী। অর্থাৎ, নিয়মিত শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৫ লাখই এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

শিক্ষাসংশ্লিষ্টদের মতে, প্রতি বছরই একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশ না নিলেও এবার এই অনুপস্থিতির হার অস্বাভাবিক। গত বছর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা না দেওয়ার হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৩৬ শতাংশে। এক বছরের ব্যবধানে এই হার প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পরীক্ষার সার্বিক আয়োজন
এবার সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান: ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী পরীক্ষা থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সাধারণ বিষয়গুলোও (বাংলা ও ইংরেজি) অভিন্ন প্রশ্নপত্রের আওতায় আনা হবে।

কেন্দ্রগুলোতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী।

মোট ২১ দিনে লিখিত পরীক্ষা সম্পন্ন হবে। যে দিনগুলোতে পরীক্ষা থাকবে না, সেসব দিন কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

আপনার মতামত লিখুন :