একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৭ AM, ২২ অগাস্ট ২০২৬

এডুকেশনটুডে রিপোর্ট:

আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, এই সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু এবং ১২ নভেম্বর ক্লাস শুরুর প্রাথমিক পরিকল্পনা ছিল।

ভর্তির নিয়মাবলী ও প্রক্রিয়া
পূর্বের নিয়ম অনুযায়ী, এবারও এসএসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ঢাকা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে এই অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

শিক্ষার্থীদের কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদ্রাসার পছন্দক্রম দিতে হবে।
শিক্ষার্থীদের ফলাফল, পছন্দক্রম এবং কোটা বিবেচনা করে একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলো এবং ঢাকার নটর ডেম কলেজের মতো কয়েকটি প্রতিষ্ঠান নিজস্ব পৃথক প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চালাবে।

ফল পুনর্নিরীক্ষাকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সময়সূচি:
যারা ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছেন, তাদেরও নির্ধারিত সময়ের (২-১০ সেপ্টেম্বর) মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। ১০ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

বোর্ডগুলোর প্রস্তাবিত সংশোধিত সূচি অনুযায়ী আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর পুনর্নিরীক্ষায় যাদের ফল পরিবর্তন হবে, তারা নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। এরপর যাচাই-বাছাই শেষে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এছাড়া এই ধাপে যারা কোনো কলেজ বা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাবেন না কিংবা কোনো কারণে আবেদন করতে পারবেন না, তাদের জন্যও ২৩ সেপ্টেম্বরের পর আবার আবেদনের সুযোগ রাখা হবে।
উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমানের ফলাফলে ৪ লাখের বেশি শিক্ষার্থী প্রায় ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেছে।

আপনার মতামত লিখুন :