এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬, এবারও এগিয়ে ছাত্রীরা
এডুকেশনটুডে রিপোর্ট
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।
আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এদিকে এসএসসি ও সমমান পরীক্ষায় এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার সর্বোচ্চ গ্রেড পয়েন্ট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৫২ হাজার ৭৮০ জন ছাত্র এবং ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী। অর্থাৎ, এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী জিপিএ–৫ পেয়েছে। গত বছর যেখানে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছিল, এবার সেই সংখ্যা কমেছে ২২ হাজার ৫৬ জন।
ফল প্রকাশের পর থেকে মোবাইল ফোনের এসএমএসসহ তিন মাধ্যমে ফলাফল দেখতে পারছেন শিক্ষার্থীরা।
তিন ভাবে জানা যাবে ফল
নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকরা ফলাফল জানতে পারবেন।
শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইটের (https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd) মাধ্যমে শিক্ষার্থীর রোল, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। পাশাপাশি শিক্ষার্থী যে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, সেই বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফল দেখা সম্ভব।
যে কোনো মোবাইল নম্বর থেকে পরীক্ষার্থীরা ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস করে ফলাফল সংগ্রহ করতে পারবে। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2026 লিখে পাঠাতে হবে 16140 নম্বরে।
কেউ যদি মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থী হয়, তাকে ফল পেতে SSC MAD ROLL YEAR লিখতে হবে। আর কারিগরি বোর্ডের জন্য SSC TEC ROLL YEAR লিখে 16140 নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।