প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ
এডুকেশনটুডে রিপোর্ট
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন।
এদিকে টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DPE 123456।
এ ছাড়া অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফল দেখা যাবে।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৭৮,৮১০টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে, যার মধ্যে সরকারি বিদ্যালয় ৬৫,৬০৫টি এবং বেসরকারি বিদ্যালয় ১৩,২০৫টি। মোট নিবন্ধিত পরীক্ষার্থী ৬,০০,০৪১ জন যেখানে ছাত্র ২,৫৬,১১৭ জন এবং ছাত্রী ৩,৪৩,৯২৪ জন। পরীক্ষায় মোট উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪,৮৩,৭৫৯ জন (৮০.৫৩%) যার মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩,৪৪,১২৭ জন (৮২.০৯%) এবং বেসরকারি বিদ্যালয়ের ৭৫,৪৫৫ জন (৮৪.১৬%)। উপস্থিত মোট পরীক্ষার্থীর ১,৬৬,৬৪১ জন (৩৯.৬৮%) ছাত্র এবং ২,৫৩,০৪১ জন (৬০.৩২%) ছাত্রী।