দুর্যোগ ও বৈরী আবহাওয়া: চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩৩ AM, ০৮ জুলাই ২০২৬

এডুকেশনটুডে ডেস্ক

প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের (৮ জুলাই) নির্ধারিত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে শুরুতে কেবল চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হলেও, পরিস্থিতির অবনতি হওয়ায় পরবর্তীতে পুরো বোর্ডের আওতাধীন সব জেলার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষাগুলো নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

গত দুই দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪৩ বছরের মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ।

এই দুর্যোগের কবলে পড়ে চট্টগ্রাম নগর, রাঙ্গুনিয়া, রাঙামাটির বাঘাইছড়ি এবং কক্সবাজারে পাহাড় ও দেয়াল ধসে এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টির ফলে খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তলিয়ে গেছে অসংখ্য অভ্যন্তরীণ গ্রামীণ সড়ক।

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইটের অবতরণ ব্যাহত হয়েছে। এছাড়া রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি নগরীর ষোলশহর স্টেশনে আটকা পড়ে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কক্সবাজার জেলায়। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১৯৩টি ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। সদর উপজেলা, টেকনাফ, রামু, মহেশখালী, চকরিয়া ও পেকুয়া উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ।

উল্লেখ্য, বর্তমানে দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুর্যোগপূর্ণ এলাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রশাসন।

আপনার মতামত লিখুন :