অষ্টম ও নবম শ্রেণির ২০ লাখ বই এখনো প্রস্তুত হয়নি
এডুকেশনটুডে রিপোর্ট: বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়ার লক্ষ্যে কাজ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও বঞ্চিত হয়েছে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা। এই দুই শ্রেণির শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হয়নি নতুন বই। এখনো বাকি রয়েছে ২০ লাখ বই প্রস্তুতের কাজ। ছাপাখানাগুলোর ভাষ্য দুই-তিন দিনের মধ্যে এসব বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে।
এনসিটিবি’র উৎপাদন ও বিতরণ শাখা সূত্র জানিয়েছে, মোল্লা প্রিন্টিং প্রেসে কারিগরি স্তরের প্রায় ২ লাখ বই এখনো বাকি রয়েছে। টেন্ডারের শর্তানুযায়ী আগামী ২৪শে জানুয়ারি পর্যন্ত ছাপাখানাগুলো বই দিতে পারবে। এসব বইয়ের বেশির ভাগই ছাপা হলেও বাঁধাইয়ের কাজ বাকি রয়েছে।
দেরি হওয়ার কারণ হিসেবে প্রেসটি জানায়, নতুন শিক্ষাক্রমের অষ্টম ও নবম শ্রেণির চূড়ান্ত পাণ্ডুলিপি পেতে দেরি হয়ে যায়। গত বছরের মতো সমালোচনা যাতে না হয় এজন্য চূড়ান্ত পাণ্ডুলিপি নিয়েই কাজে হাত দেয় প্রেসটি। মোল্লা প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী মিন্টু মিয়া বলেন, কয়েকটি লটে পাওয়া ১ কোটি ৬০ লাখ বই পাঠিয়ে দিয়েছি। অল্প কিছু বাকি রয়েছে।

