এইচএসসির অ্যাডমিট কার্ড বিতরণ শুরু (৮ আগস্ট) মঙ্গলবার
এডুকেশনটুডে রিপোর্ট: চলতি বছরে এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে। আগামী মঙ্গলবার (৮ আগস্ট) থেকে এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ শুরু করবে ঢাকা বোর্ড। মঙ্গল ও বুধবার (৮ ও ৯ আগস্ট) এইচএসসির অ্যাডমিট কার্ড বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের কাছে বিতরণ করা হবে। বিষয়টি জানিয়ে ইতোমধ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে ঢাকা বোর্ড।
জানা গেছে, মঙ্গলবার (৮ আগস্ট) ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার কেন্দ্রগুলো পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। আর আগামী বুধবার (৯ আগস্ট) টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্রগুলো পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে।
নির্ধারিত দিনে অফিস সময়ে বোর্ড থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকদের। তবে শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে প্রবেশপত্র দেয়া হবে না। আর প্রবেশপত্রে ভুল থাকলে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে বোর্ডে আবেদন করে তা সংশোধন করতে হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের প্রবেশপত্র অফিস সময়ে বোর্ড থেকে সংগ্রহ করবেন। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র নেয়ার ক্ষমতা দেয়া যাবে না। কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে তার আবেদন পত্রে পরিচালনা পর্ষদের সভাপতি বা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে।
প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের উচ্চমাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে বলা হয়েছে।
বোর্ড আরো জানিয়েছে, প্রবেশপত্র সংশোধন করানো না হলে পরীক্ষায় এ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন।

