এক শিফটে চলবে প্রাথমিক বিদ্যালয়

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২৮ AM, ৩১ অক্টোবর ২০২২

এডুকেশনটুডে রিপোর্ট: দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফটে চালানোর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তারা আশা করছে, আগামী জানুয়ারি থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে।

এ ছাড়া নিয়োগের অপেক্ষায় থাকা প্রাথমিকের ৪৫ হাজার শিক্ষকের নিয়োগ পরীক্ষার ফল নভেম্বরের ১৫ তারিখের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল প্রাথমিক মন্ত্রণালয়ে শেষ কর্মদিবসে প্রাথমিক নিয়ে সরকারের নেয়া নানা সিদ্ধান্তের কথা জানান তিনি।

আমিনুল ইসলাম খান বলেন, আগামী ১৫ই নভেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। এরই মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিও ১৫ই নভেম্বরের মধ্যে শেষ হবে। এ ছাড়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের বিভিন্ন পদ শূন্য রয়েছে, সেখানে মামলা রয়েছে, রিট রয়েছে, সেগুলো নিষ্পত্তির চেষ্টা করছি। বদলিটা আমরা সম্পূর্ণ অনলাইনে নিয়ে গেছি। এখন আমরা চেষ্টা করছি, যেসব কর্মকর্তা কোনো প্রতিষ্ঠানে ১০ বছর কিংবা ১২ বছর ধরে আছেন, তারা স্বাভাবিকভাবে তিন বছর পরপর বদলি হবেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতেও বদলি করা যাবে, প্রশাসনিকভাবেও বদলি করা যাবে। বদলির ক্ষেত্রে আমরা সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করছি।
আমিনুল ইসলাম বলেন, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় এক শিফট করার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। আশা করা যায় আগামী জানুয়ারি থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে। বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এর বড় অংশই দুই শিফটে চলে। শিক্ষার্থী, শ্রেণিকক্ষ ও শিক্ষকের সংখ্যা বিবেচনা করে দেশের সব বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করেছি। এক শিফটে আনার কাজ ইতিমধ্যে ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।
বিদায়ী সচিব আরও বলেন, এখন মহানগর এলাকায় গ্রীষ্মকাল ও শীতকালের জন্য একধরনের সময় আছে, আবার গ্রামের বিদ্যালয়ে একটু দেরি করে ক্লাস শুরু হয়। এটি নিয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

আপনার মতামত লিখুন :