১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এবারের এসএসসি পরীক্ষা

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১১ AM, ০১ অগাস্ট ২০২২

এডুকেশনটুডে রিপোর্ট: আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ১ অক্টোবর পর্যন্ত। ১৭ দিনে এবারের এসএসসি লিখিত পরীক্ষা শেষ হবে। বন্যার কারণে নির্ধারিত তারিখের পরীক্ষা স্থগিত করা হয়।

গতকাল রোববার এবারের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়। বোর্ডগুলোর ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঘোষিত সময় অনুযায়ী লিখিত (তত্ত্বীয়) পরীক্ষা শেষে ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করা হবে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট-সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। এরপর ১৭ আগস্ট থেকে এই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হলেও মধ্য আগস্টে আবারও বন্যার আশঙ্কায় সরকারের উচ্চ মহলের নির্দেশে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত হয়। এই পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এ বছরের এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে। আগামী নভেম্বরের শুরুতে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

এসএসসি পরীক্ষার ঘোষিত সময়সূচিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এসসিকিউ) ও পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা হবে। এই দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। এমসিকিউ অংশের জন্য সময় ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। সময়সূচিতে মোট ১৪ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার রোটিন জানতে ক্লিক করুন এই লিঙ্কে-

আপনার মতামত লিখুন :