পরীক্ষামূলক চালু হচ্ছে দুই বছরের প্রাক্‌-প্রাথমিক শিক্ষা

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০৪ AM, ২৫ জুলাই ২০২২

এডুকেশনটুডে রিপোর্ট: অবশেষে শুরু হতে চলেছে দুই বছর মেয়াদী প্রাক-প্রাথমিক শিক্ষা। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) নতুন এই শিক্ষাক্রমের অনুমোদন দিয়েছে। ৩২১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে আগামী বছর থেকে এই শিক্ষা কার্যক্রম শুরু হবে। ২০২৪ সালে এ কার্যক্রম সারা দেশের সব প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে চালুর পরিকল্পনা করা হয়েছে।

বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোয় পাঁচ বছরের বেশি বয়সী শিশুরা এক বছর মেয়াদি প্রাক্‌-প্রাথমিক স্তরে পড়াশোনা করে প্রথম শ্রেণিতে যায়। দুই বছরের শিক্ষাক্রম বাস্তবায়িত হলে শিশুর বয়স চার বছরের বেশি হলেই শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে এবং ছয় বছর বয়স পর্যন্ত প্রাক্‌-প্রাথমিক স্তরে পড়বে।

প্রাথমিক শিক্ষা প্রশাসন ও এনসিটিবি সূত্র জানায়, ২০২০ সালেই প্রাক্‌-প্রাথমিক শিক্ষাকে দুই বছর মেয়াদি করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। তখন প্রাথমিক শিক্ষা প্রশাসন থেকে বলা হয়, প্রথম দফায় ২০২১ সালে আড়াই হাজারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ব্যবস্থা চালু হবে। পরে সুযোগ-সুবিধা বাড়িয়ে তিন থেকে চার বছরের মধ্যে পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে তা চালু হবে।

জানা গেছে, গত ২২ জুন অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, পরীক্ষামূলকভাবে চালুর পর এ শিক্ষাক্রম পুনঃপর্যালোচনা করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করা ২০২১ সালের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারির তথ্য বলছে, দেশে সরকারি-বেসরকারি সংস্থা পরিচালিত বিদ্যালয়, কিন্ডারগার্টেনসহ সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয় আছে ১ লাখ ৩৩ হাজার ২টি। এর মধ্যে কিন্ডারগার্টেনগুলোয় কম বয়সী শিশুদের ভর্তি করা হয়। তবে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের এক বছর মেয়াদি প্রাক্‌-প্রাথমিকে এবং ছয় বছরের বেশি বয়সী শিশুদের প্রথম শ্রেণিতে ভর্তি করা হয়।

আপনার মতামত লিখুন :