আর্জেন্টিনার সমর্থকদের সাথে তর্কে জড়াবেন না বলে স্ট্যাম্পে স্বাক্ষর করলেন ব্রাজিল সমর্থক কলেজ ছাত্র

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩৯ AM, ০৮ জুলাই ২০২১

খেলার প্রতি প্রায় সকলেরই ভালোবাসা থাকে। আর এই খেলা নিয়ে অনেক সময় পক্ষ বিপক্ষ সমর্থকদের মধ্যে তর্কে জড়ানো এমনকি মারামারির ঘটনাও ঘটে থাকে। এবার নওগাঁর নিয়ামতপুরে ব্রাজিল সমর্থক এক কলেজ ছাত্র ব্যতিক্রম ঘটনা ঘটিয়েছেন। তিনি আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তর্কে জড়াবে না বলে স্ট্যাম্পে স্বাক্ষর করে তাদের মধ্যে ফটোকপি বিলিও করেছেন। স্ট্যাম্পে লেখা ওই ব্রাজিল সমর্থক কলেজ ছাত্র হলেন, নিয়ামতপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল বাকি। স্ট্যাম্পে তিনি লেখেন, আমি আব্দুল্লাহ আল বাকি, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিত ভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকব, ততদিন আর্জেন্টিনা দলের কোনো সমর্থকের সঙ্গে তর্কে জড়াব না। কারণ ওরা কোনো যুক্তিই বোঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা; খেলায় না। তিনি আরও লেখেন, ‘কতটা নির্বোধ হলে তারা আজও ‘সেভেন আপ, সেভেন আপ’ বলে চিল্লাপাল্লা করে, যা দেখে জার্মানির সমর্থকরাও অনেকটা হতাশ। কারণ জার্মানির অর্জনটাও তারা নিজেদের অর্জন বলে দাবি করে। এর চেয়ে বরং অন্য দলের সমর্থকদের সঙ্গে তর্কে জড়ান। ইতালি বা জার্মানি আছে তাদের সঙ্গে জড়ান। শেয়ানে শেয়ানে লড়াই জমবে। কেন পাঁচতারকা থেকে ঠেলে দুই তারকার লেভেলে আনবেন? ওই অঙ্গীকারনামায় নিজের সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবিও যুক্ত করেন আল বাকি। সাক্ষী হিসেবে রেখেছেন আশিকুজ্জামান নামের আরেক জন ব্রাজিল সমর্থককে। পরে পরিচিত আর্জেন্টিনা সমর্থকদের কাছে স্ট্যাম্পের ফটোকপি বিলিও করেছেন। পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডিতেও। আল বাকি বলেন, আমার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ফুটবল খেলার সময় এলে তাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। বারবার বোঝানোর পরেও ব্যর্থ হয়ে আমার এই অঙ্গীকারনামা করা, যাতে করে আর কখনো তাদের সঙ্গে আমাকে তর্কে জড়াতে না হয়।

আপনার মতামত লিখুন :